নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ২০টি ককটেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার দিকে রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। পরে রাতে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার দিকে এক কৃষক গরুর জন্য ঘাস কেটে ফেরার সময় কাশবনের ঝোপের মধ্যে পলিথিনে মোড়ানো অনেকগুলো ককটেল সদৃশ বস্তু দেখতে পান। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে। পরে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটকে এসে রাত ১২টার দিকে ২০টি ককটেল নিষ্ক্রিয় করে।
ইনচার্জ জানান, প্রাথমিকভাবে ডাকাতির উদ্দেশ্যে এসব ককটেল, ছোড়া, কাটার, লোহার রড রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।