সুচিকিৎসা, ক্ষতিপূরণ, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত একদল ব্যক্তি। গতকাল রাত থেকেই তারা সড়কে নেমে এসে বিক্ষোভ করছেন।
আজ রোববার সকাল ১১টার দিকেও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।
বিক্ষোভের কারণে দুই পাশে রাস্তা বন্ধ থাকায় যান চলাচল বন্ধ আছে, এতে তীব্র যানজট দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, আগারগাঁওয়ের রাজস্ব ভবন, টিবি হাসপাতাল ও চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে দিয়ে যানবাহন যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র রোগী বা অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে। এমন অবস্থায় এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশপাশে দেখা দিয়েছে তীব্র যানজট।
এর আগে চিকিৎসা ঠিকমতো হচ্ছে না এমন অভিযোগে গতকাল রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের ভেতরে বিক্ষোভ দেখান আহত এই ব্যক্তিরা। গতকাল সন্ধ্যা থেকে রাতে পর্যন্ত বিক্ষোভ চলে। আজ ভোর থেকে আবার সড়কে অবস্থান নেন তারা। তবে এই পর্যন্ত এই বিক্ষোভ প্রশমনে সরকারের পক্ষ থেকে কেউ আসেননি।
আহত ও তাদের স্বজনেরা মিলে প্রায় তিনশ মানুষ সুচিকিৎসাসহ অন্যান্য বিভিন্ন দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।