এলপি গ্যাসের দাম বাড়ল

ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বিইআরসি। নতুন এই দর সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক দর বেড়ে যাওয়ার পাশাপাশি ডলারের দর বৃদ্ধি পাওয়ায় বেড়েছে এলপি গ্যাসের দর। আমদানি পর্যায়ে টন প্রতি গড়ে ১০ ডলার দাম বেড়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬৩৫ মার্কিন ডলার ও ৬২৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৬২৮.৫০ মার্কিন ডলার বিবেচনায় ফেব্রুয়ারি মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।