চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া এক ভাইকে গুলি করে আহত করার একদিন পর তার আরেক ভাইকে স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং সংঘবদ্ধ অপরাধ চক্র বুশ বাহিনীর প্রধান আইয়ুব আলী কুপিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টায় চান্দগাঁও থানার বাড়ইপাড়া আবুল কাশেম সওদাগরের বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মো. সাজ্জাদ (১৭) নামের ওই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাজ্জাদ একই এলাকার মৃত সেকান্দরের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে সাজ্জাদের বড়ভাই আজমকে গুলি করে পালিয়ে যান স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা। আজম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
চান্দগাঁও থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ বলেন, ‘আজমকে গুলি করার পর তার ছোট ভাইকেও কুপিয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গেছে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে।’
স্থানীয় সূত্র জানায়, আজমকে গুলি করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সন্ত্রাসী গ্রুপ হামকা বুশ বাহিনীর প্রধান আইয়ুব আলী। তার সঙ্গে ছিলেন ছোট ভাই শহিদুল ইসলাম প্রকাশ বুশ। তাদের সঙ্গে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফার বেশ কিছু ছবি রয়েছে।
হামকা বুশ বাহিনীর প্রধান আইয়ুব চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২০২৩ সালে চান্দগাঁও এলাকা থেকে আইয়ুব আলীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ। তখন তার কাছ থেকে একটি দেশে তৈরি এলজি, ৩ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাইনিজ কুড়াল ও সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছিল।
ভুক্তভোগীর পরিবার জানায়, জুলাইয়ে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল আজম। ৫ আগস্টের পর এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছিল। সম্প্রতি কয়েকটি মাদকবিরোধী প্রচারণা চালায় আজম। তাদের ধারণা এসব কারণে তাকে হত্যা করতে চেয়েছিল তারা।