জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা প্রকাশসহ চার দফা দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজু ভাস্কর্য় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা হয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে শিক্ষাভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। এতে শিক্ষা ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেন, আইন উপদেষ্টা পোস্ট দিচ্ছেন, বিচার করতে হবে। আপনার কাছে প্রশ্ন, কারা বিচার করবে? যখন উপদেষ্টা ছিলেন না তখন বলতেন, এটা করব সেটা করব। গত ছয় মাসে কোন জিনিসটা করেছেন?
তিনি আরও বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে যত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আছে, অতি দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা দেখছি, বিসিএস কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছেন। আপনারা কী করেন?
ইনকিলাব মঞ্চের মুখপাত্র আরও বলেন, আমরা আর কোনও সেনাবাহিনী, নৌবাহিনীর বিরুদ্ধে দাঁড়াব না। এখন সময় সুশীল সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর। চট্টগ্রামের নেভির দাওয়াতে কীভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা উপস্থিত থাকে?
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ‘জাগো জাগো জনতা, প্রশ্ন কর ক্ষমতা’, ‘কত টাকা খাইছে নেভি, জবাব দে তাড়াতাড়ি’, ‘প্রশাসন শুদ্ধ কর, পুলিশের বিচার কর’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।