১৩৩ দিন আগে ইতিহাদে যা ঘটেছিল, সেটি এখনও ভুলতে পারেনি ফুটবল বিশ্ব। উত্তেজনার সেই ম্যাচে ১০ জনের দলে পরিণত হয়েও দারুণ লড়াই করেছিল আর্সেনাল। কিন্তু শেষ মুহূর্তে জন স্টোনসের গোলে জয় হাতছাড়া হয় তাদের। গোল উদযাপনের সময় আর্লিং হালান্ড
বল ছুড়ে মারেন গ্যাব্রিয়েলের দিকে, আর ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে বলেছিলেন—'স্টে হাম্বল' (নম্র থাকুন)। সেই মুহূর্ত ভাইরাল হয়েছিল মুহূর্তেই। কাইল ওয়াকার ও স্টোনসও অভিযোগ করেছিলেন, আর্সেনাল 'ডার্ক আর্টস' প্রয়োগ করেছে।
সেই ম্যাচেই চোট পেয়েছিলেন ম্যান সিটির মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি, যে চোট তাকে পুরো মৌসুম থেকেই ছিটকে দেয়। তখন পেপ গার্দিওলার দল ছিল শীর্ষে, আর্তেতার দল ছিল কাছাকাছি। কিন্তু আজ, ১৩৩ দিন পর এমিরেটসে মুখোমুখি হওয়ার আগে চিত্র অনেকটাই বদলে গেছে।
হালান্ডের সেই মন্তব্য এখন তার জন্যই বুমেরাং হয়ে ফিরেছে। ম্যানসিটির দুর্দশার কারণে প্রতিপক্ষ সমর্থকরা তাকে কটাক্ষ করতে ছাড়েনি। গার্দিওলা অবশ্য হালান্ডের পক্ষেই কথা বলেছেন, 'হালান্ডের জন্য এটা সহজ নয়। প্রতিনিয়ত গ্যাব্রিয়েল তাকে ধাক্কায়, টানে, ধরে রাখে। কিন্তু সে কখনও অভিযোগ করে না, শুধু নিজের খেলাটা খেলে যায়।'
হালান্ডের শৃঙ্খলাবিধি মেনে চলার প্রশংসা করেও গার্দিওলা বলেছেন, 'সে কখনও রেফারির কাছে অভিযোগ করে না, তিনবার মাত্র হলুদ কার্ড দেখেছে গত ৫৪ ম্যাচে। আমি অবাক, সে কীভাবে আবেগ নিয়ন্ত্রণ করে!'
ম্যানসিটি শিরোপা ধরে রাখার লড়াই থেকে প্রায় ছিটকে পড়েছে। গত বছরের শেষ দিকে ১৩ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়ার পর পেপ নিজেই শিরোপার আশা ছেড়ে দিয়েছেন। তবে সাম্প্রতিক ফর্ম কিছুটা উন্নতি করেছে, গত পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে তারা।
বর্তমানে শীর্ষে লিভারপুল, ১৫ পয়েন্ট পেছনে সিটি। আর্সেনালও ৯ পয়েন্ট পিছিয়ে, কিন্তু সিটির বিপক্ষে হারলে তাদের শিরোপার আশা কার্যত শেষ হয়ে যাবে।
গার্দিওলা অবশ্য 'ডার্ক আর্টস' শব্দটি নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে ইঙ্গিতে বুঝিয়েছেন, 'আমি মিডিয়ায় এই শব্দ ব্যবহার করি না। রেফারি আছে, যা অন্যায় হবে সে দেখবে। আমরা অত্যন্ত ফেয়ার প্লে দল, কখনও হয়তো অতিরিক্ত ফেয়ারও হয়ে যাই।'
আর্তেতা অবশ্য মাঠের উত্তেজনা নিয়ে মাথা ঘামাতে রাজি নন। 'মাঠের ঘটনাগুলো আমি ব্যক্তিগতভাবে নেই না। আবেগের বহিঃপ্রকাশ ফুটবলের অংশ, ম্যাচের পর সব ভুলে সামনে তাকাই,' বলেছেন আর্সেনাল কোচ।
দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড আরও সরাসরি বললেন, 'আমরা শিরোপার জন্য লড়ছি, তাই উত্তাপ থাকবে। এটা স্বাভাবিক ব্যাপার। সমর্থকরা ও খেলোয়াড়রা সেটা মনে রাখবে, যা ম্যাচে বাড়তি উত্তেজনা যোগ করবে।'
সেপ্টেম্বরে মনে হচ্ছিল, আবারও সিটি-আর্সেনালের দ্বৈরথে নির্ধারিত হবে শিরোপার ভাগ্য। কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে। লিভারপুল এগিয়ে, সিটির সুযোগ ক্ষীণ, আর্সেনাল লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করছে। তবে প্রতিশোধের আবহ, আগের ম্যাচের নাটকীয়তা, আর উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই ম্যাচকে আবারও মৌসুমের অন্যতম আলোচিত লড়াই বানিয়ে তুলছে।
ইতিহাদে রবিবার, ১৩৩ দিনের ব্যবধানে সেই উত্তেজনার পুনর্জন্ম হবে কিনা, সেটাই দেখার অপেক্ষা।