দ্বিস্তর বিশিষ্ট টেস্ট ক্রিকেট নিয়ে বিশ্বজুড়েই চলছে তর্ক-বিতর্ক। সাবেক ক্রিকেটার এবং ক্রিকেটবোদ্ধাদের বেশিরভাগই এর বিপক্ষে অবস্থান নিয়েছেন। এবার জানা গেল, আগামী জুলাই মাসে ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাটে বড় ধরনের বদল আনতে যাচ্ছে আইসিসি। এমনকী চার দিনের টেস্ট আয়োজন করা নিয়েও ভাবছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
‘স্পোর্টসকিড়া’ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে সমালোচনা করেছেন ক্রিকেটবোদ্ধারা। তাই বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে আইসিসি। এদিকে ‘টেলিগ্রাফ স্পোর্টস’ জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসনকে প্রধান করে সম্ভাব্য পরিবর্তনগুলো যাচাই করা হচ্ছে। থম্পসন আইসিসির স্ট্র্যাটিজিক গ্রোথ কমিটির প্রধানের দায়িত্বেও আছেন।
টেলিগ্রাফ স্পোর্টসকে থম্পসন বলেছেন, ‘এটা পরিস্কার হয়ে গেছে যে, বর্তমান কাঠামোটির যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবে কাজ করছে না। আমাদের উচিত, ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার সেরা উপায় খুঁজে বের করা। কিন্তু এখনো কোনো সুপারিশ করা হয়নি। এটা নিয়ে কাজের জন্য আমাদের হাতে পাঁচ মাস সময় আছে। সেরা দলগুলোকে ফাইনালে যেতে উৎসাহিত করতে এবং অন্য দেশগুলোকে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহী করে তুলতে এই পরিবর্তন আনা হবে। আমরা টেস্ট ক্রিকেটের অখণ্ডতা রক্ষা এবং এর বিকাশ নিশ্চিত করব।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শুধু ‘বিগ থ্রি’ খ্যাত ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড ১৫টির বেশি টেস্ট খেলেছে। ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা খেলেছে ১২টি ম্যাচ। তাদের সবগুলো সিরিজই ছিল দুই ম্যাচের। বিগ থ্রির বাইরে অন্য দলগুলোর মধ্যকার সিরিজের জন্য চার দিনের টেস্ট করা যায় কিনা- সেটাও বিবেচনা করা হচ্ছে। সেইসঙ্গে কমপক্ষে দ্বিপাক্ষিক লাল বলের সিরিজকে কমপক্ষে তিন ম্যাচের করতে জোরালো দাবি উঠেছে। এখন দেখার, আইসিসি কোন পথে হাঁটে।
ছোট দলের কাছে হেরে রেফারিকে দোষ দিলেন আনচেলত্তি
ডি ভিলিয়ার্সকে বেশি অনুসরণ করেই ঝড় তোলেন শামীম