সিরাজগঞ্জ

কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত দিনমজুর লেবুর লাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে কবর থেকে তোলা হলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত দিনমজুর লেবু শেখের (৪০) লাশ। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই গ্রামের কবরস্থান থেকে তার লাশ তোলা হয়।

এর আগে গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভ মিছিলে গুলিতে নিহত হয় দিনমজুর লেবু শেখ। ওই দিন রাতেই তার লাশ বাড়িতে এনে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।

এ ঘটনার ৫ মাস ২৭ দিন পর আদালতের নির্দেশে রবিবার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। নিহত লেবু শেখ ডুমরাই গ্রামের মৃত জয়তুল্লাহ শেখের ছেলে। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বী, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম, মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই ইদ্রিস আলী ও রায়গঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশটি উত্তোলন করা হয়।

রায়গঞ্জ থানার এসআই অনুক কুমার সরকার বলেন, নিহত লেবু শেখের লাশ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশটি আবার একই স্থানে দাফন করা হবে।