মহাখালীতে রেলপথ অবরোধ করলেন তিতুমীর শিক্ষার্থীরা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির অংশ হিসেবে এবার রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ সোমবার বিকেল পৌনে চারটার দিকে ৭০-৮০ জন শিক্ষার্থীদের একটি দল মিছিল নিয়ে রেলক্রসিংয়ে অবস্থান নেন।

এ সময় আন্দোলনকারীদের একজন আলী আহম্মেদ বলেন, প্রধান উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টা এখানে এসে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত আমরা রেলক্রসিং থেকে আমাদের অবস্থান ছাড়ব না।

এর আগে বিকাল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিংয়ে আসেন।

এদিকে রেলপথ অবরোধ করায় মহাখালী রেল ক্রসিংয়ের আগে কমলাপুর থেকে আগত এয়ারপোর্টমুখী একটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অবরোধের কারণে মহাখালী রেল ক্রসিংয়ে আটকে থাকে উপকূল এক্সপ্রেস। নোয়াখালীগামী ট্রেনটি বিকাল ৩টায় কমলাপুর ছেড়ে আসে।

এদিকে মহাখালীর আমতলীতে ব্যাপক সংখ্যক পুলিশ ও আর্মড পুলিশের সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।