বর্তমান বিশ্বের সেরা ক্রিকেট উপস্থাপক কে? বিনা দ্বিধায় ড্যানি মরিসনের নাম নিয়ে নেওয়া যায় এ প্রশ্নের উত্তরে। মাইক্রোফোন হাতে বৈচিত্র্যময় পরিবেশনা আর বিপুল উত্তেজনায় দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। আজ নিজের জন্মদিনে মিরপুরে সেই দর্শক ভক্তদের সঙ্গে একযোগে কেক কেটে উদযাপন করেছেন ড্যানি।
১৯৬৬ সালের ৩ ফেব্রুয়ারি তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে ২১ বছর বয়সে নিউজিল্যান্ড জাতীয় দলে তার অভিষেক হয়। মূলত তিনি বিশেষায়িত পেস বোলার হিসেবে খ্যাত। তার বলে ছিল দারুণ আউটসুইং।
কিউইদের হয়ে তিনি ৪৮টি টেস্ট এবং ৯৬টি ওয়ানডে ম্যাচ খেলেন। টেস্টে তার সেরা বোলিং ফিগার ৮৯ রানে ৭ উইকেট এবং ওয়ানডেতে তার সেরা বোলিং ৩৪ রানে ৫ উইকেট। বিপিএলের মাঠে নিজের ৫৮তম জন্মদিনটাও বাংলাদেশের ক্রিকেট ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন ড্যানি।