বগুড়ায় আত্মীয়ের লাশ দাফন করে ফেরার পথে ট্রাকচাপায় রেহেনা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে নওদাপাড়া এলাকায় বগুড়া রংপুর মহাসড়কের টিএমএস সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান।
নিহত রেহেনা বেগম বগুড়া সদরের দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী। এ সময় সবুজ সরকারও গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সবুজ সরকার তার স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে মোটরসাইকেলে এক আত্মীয়ের মরদেহ দাফন করতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে সবুজ সরকার টিএমএসএস পাম্প থেকে তেল নেওয়ার পর রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগম মারা যান। গুরুতর আহত হন সবুজ সরকার। পরে ট্রাকটি জব্দ করা হয়।
এস আই আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে হাইওয়ে পুলিশ কাজ করছে।