সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকালের শরীয়তপুর জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় তাকে রক্ষায় এগিয়ে আসা আরও তিন সাংবাদিক আহত হয়েছেন। সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
এমন ন্যক্কারজনক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা। পাশাপাশি জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসজেএ, ঢাকার কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি হাবিবুর রহমান পলাশ এবং সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন এ উদ্বেগ প্রকাশ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, সম্প্রতি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলার অভিযোগ নিয়ে সমকালসহ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে সোমবার দুপুরে সদর হাসপাতালে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখের সঙ্গে সোহাগ খান সুজনসহ কয়েকজন সাংবাদিকের বাকবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলা করা হয়।
সুজনকে গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজন হলেন– নিউজ ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভির জেলা প্রতিনিধি নয়ন দাস ও দেশটিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত সোহাগ খান সুজন বলেন, নুরুজ্জামাল শেখের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। এক চিকিৎসককে নিয়ে নিউজ করার সূত্র ধরে নুরুজ্জামাল নানা ধরনের হুমকি দিচ্ছিলেন। বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম। এতে তিনি ক্ষুব্ধ হয়ে লোকজন নিয়ে আমার ওপর হামলা করেছেন। হাতুড়ি দিয়ে আমার সারা শরীরে আঘাত করেছেন। ঘটনাটি আমি লিখিতভাবে পুলিশকে জানিয়েছি।