৬ ঘণ্টা বন্ধের পর ঢাকার সঙ্গে ট্রেন চলাচল শুরু

ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলন স্থগিত ঘোষণার পর সচল হয় রেল চলাচল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শাহাদাত হোসেন।

তিনি জানান, ছাত্ররা অবরোধ তুলে নেওয়ার পর সোমবার রাত পৌনে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রথমে তেজগাঁও স্টেশনে আটকে থাকা উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গেছে। আর কমলাপুর থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ছেড়ে গেছে রাত ৯টা ৫৫ মিনিটে।

এর আগে বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেল ক্রসিং অবরোধ করে রাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকার উত্তরা ও বনানীর কাছে তিনটি করে মোট ৬টি ট্রেন আটকা পড়ে আছে। শিডিউল বিপর্যয় ঘটেছে অন্তত ২০টি ট্রেনের।