মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর ইউরোপীয় ইউনিয়নের দিকে। ইইউভুক্ত দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে খুব শিগগিরই শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ২৭ দেশের এ জোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংকট নিয়ে তার অসন্তোষ পুনর্ব্যক্ত করেন।
ট্রাম্প বলেন, ইউরোপীয় ইউনিয়নের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। আমি কোনো নির্দিষ্ট সময়সীমা বলতে পারছি না, তবে এটা শিগগিরই হবে। তবে রবিবার ইইউ জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র অন্যায়ভাবে বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে ইউরোপীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করে, তাহলে তারা কড়া প্রতিক্রিয়া জানাবে। ইইউর এক মুখপাত্র বলেন, যেকোনো বাণিজ্য অংশীদার যদি অন্যায় বা স্বেচ্ছাচারীভাবে ইইউর পণ্যের ওপর শুল্ক বসায়, তাহলে ইইউ কড়া জবাব দেবে।
শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্প বলেন, বিশ্বের প্রায় সব দেশ কার্যত যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে। আমাদের প্রায় প্রতিটি দেশের সঙ্গে ঘাটতি রয়েছে। আমরা এটির পরিবর্তন ঘটাতে যাচ্ছি। আমাদের সঙ্গে যা হয়েছে তা অন্যায্য। বিশেষজ্ঞদের মতে, এ বাণিজ্যযুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে এবং পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে। অবশ্য ট্রাম্পও স্বীকার করেন, তার বাণিজ্য নীতির কারণে মার্কিনদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষার জন্য এটি প্রয়োজন।