লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে নিখোঁজের চারদিন পর ধান ক্ষেত থেকে মো. পারভেজ নামে এক মিষ্টি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে চররুহিতা ইউনিয়নের খলিফা বাড়ি পাশে ধান ক্ষেত থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
নিহত পারভেজ শাকচর ইউনিয়নের আবদুল খালেক মাওলানা বাড়ির মো. খোকনের ছেলে।
হত্যার ঘটনায় নিহতের ভাই ফয়েজ আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ জানুয়ারি রাত ১১ টার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হন পারভেজ। ৩১ জানুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। সোমাবার রাতে গ্রামবাসীরা চররুহিতা গ্রামের একটি ধান ক্ষেতে পারভেজের লাশ দেখে সদর থানায় পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের আত্মীয়-স্বজনরা জানান, পারভেজ কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। তিনি একজন ব্যবসায়ী। ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান তারা।
লক্ষ্মীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, পারভেজ নিখোঁজের ব্যাপারে ৩১ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার রাতে চররুহিতা ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। রাকিব ও রবিউল নামের দুইজনকে আটক করা হয়েছে।
এদিকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হত্যার বিচার চেয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শাকচর এলাকাবাসী। এসময় তারা হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।