মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিক পরিচয়ে মুদি দোকানিকে অন্যায়ভাবে দোকান ভেঙে অন্যত্র চলে যেতে হুমকি দেওয়ার অপরাধে নারীসহ তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারতরা হলেন- মানিকগঞ্জ সদর থানার বি/ ২১ জয়রা এলাকার মৃত নুরুল হকের ছেলে দৈনিক আমাদের অর্থনীতির প্রতিনিধি পরিচয় দানকারী সাইফুল ইসলাম শাহিন (৬০), একই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে অনলাইন ক্যাম্পাস প্রতিনিধি লাইলী আক্তার (২৫) ও সদর উপজেলার বালিরটেক এলাকার মোশারফ হোসেনের ছেলে অনলাইন ক্যাম্পাস প্রতিনিধি সুমন আহমেদ (৩২)।
জানা যায়, দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামের আব্দুল গাফফার নামে এক মুদি দোকানিকে ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে তার দোকান ভেঙে অন্যত্র চলে যেতে বলা হয়। তারা দাঁড়িয়ে থেকে দোকান ভেঙে দেয়। পরে স্থানীয় লোকজন ফোন করে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আহসানুল আলম ও থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজমকে বিষয়টি জানান।
ভারপ্রাপ্ত ইউএনও আহসানুল আলম দৌলতপুর থানা পুলিশকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন। সেখানে ঘটনার যাচাই করে সত্যতা পেয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইফুল ইসলাম শাহিন ও সুমন আহমেদকে এক মাসের করে এবং লাইলী আক্তারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নূরালী মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি ভুয়া সাংবাদিকদের বিচার চেয়ে বলেন, সাংবাদিক পেশা একটি সম্মানজনক পেশা। কিছু অপেশাদার লোকজন অতি লোভে সাংবাদিক সেজে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে পেশাকে কলঙ্কিত করছে । আমরা এসকল ভুয়া সাংবাদিকদের বিচার চাই।
উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি আহসানুল আলম বলেন, সাংবাদিক পরিচয়ে ভাঙচুরের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ ধারা অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
পরকীয়া প্রেমিকার ঘর থেকে প্রেমিকের লাশ উদ্ধার
বিয়ের অনুষ্ঠানে প্রতিপক্ষের গুলিতে বাবা-ছেলে গুলিবিদ্ধ