সুইডেনে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজধানী স্টকহোমের ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে হামলাকারী বন্দুক নিয়ে রিসবার্গস্কা নামক স্কুলটিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্কুল গুলির ঘটনায় ১০ জনের মতো নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছেন।
পুলিশ আরও জানায়, একজন বন্দুকধারীই এই হামলা ঘটিয়েছে বলে ধারণা হচ্ছে। এই হামলার সাথে কোনো গোষ্ঠী জড়িত আছে বলে আপাতত মনে হচ্ছে না। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
সুইডেনের বিচারমন্ত্রী গুনার স্ট্রমার বলেছেন, ‘প্রধান সন্দেহভাজন হামলাকারী নিহতদের মধ্যে একজন এবং হামলার উদ্দেশ্য এখনও অজানা। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত হামলার কোনো স্পষ্ট কারণ বা উদ্দেশ্য পাওয়া যায়নি।’