রাতের আঁধারে সুইডেনের মসজিদে আগুন 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম

সুইডেনের এক মসজিদে আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওই দেশের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে রাতের আঁধারে ওই মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ এই ঘটনাকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে। যদিও এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থা জানায়, সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে একটি মসজিদ ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে পুলিশ।

গত সোমবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পুরো ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে। সুইডিশ হেরাল্ডের খবরে বলা হয়েছে, ভবনটি আগে একটি গির্জা ছিল, পরে এটিকে মসজিদে রূপান্তর করা হয়।

উদ্ধারকর্মী দলের মাইকেল হেসেলগার্ড বলেন, আমরা এখনও জানি না আগুন কীভাবে শুরু হয়। তবে ভবনটিতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়ে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবুও ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আগুন নেভাতে উদ্ধারকর্মীরা পুরো রাত কাজ চালান এবং মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে।

পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফর্স বলেন, ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগের তালিকায় রাখা হয়েছে, কারণ কেন এবং কীভাবে আগুন লেগেছে, তা এখনো পরিষ্কার নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত