পূর্ব ঘোষণা অনুযায়ী দুই প্রতিবেশী দেশ কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা গতকাল মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে সে সময়সীমা পেরোনোর আগেই কানাডা ও মেক্সিকোর ওপর প্রস্তাবিত শুল্ক আরোপের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। তবে তার এ ঘোষণার পর উভয় দেশই পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমের সঙ্গে কয়েক দফা ফোনালাপের পর সব পক্ষের মধ্যে এ সমঝোতা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, কানাডা ও মেক্সিকো এ সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হওয়ায় সাময়িকভাবে শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করেন ট্রাম্প। তবে কানাডা-মেক্সিকোর ওপর আরোপিত শুল্ক স্থগিত করলেও, চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা কার্যকর হয়েছে। ট্রাম্পের এ পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক বসিয়েছে চীন।
কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। সমঝোতা অনুযায়ী কানাডা একজন ফেন্টানিল জার নিয়োগ দেবে আর মেক্সিকো সীমান্ত নিরাপত্তা বাড়াতে ১০ হাজার সেনা মোতায়েন করবে। বিশ্লেষকরা মনে করছেন, কানাডা-মেক্সিকোর সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্বে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ ফলপ্রসূ হয়েছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করতে রাজি হওয়ার পাশাপাশি দেশ দুটি অবৈধ অভিবাসী ও ফেন্টানিলের মতো ক্ষতিকর মাদক পাচার ঠেকাতে আরও বড় পদক্ষেপ নেওয়ার বিষয়েও রাজি হয়েছে।
অর্থনীতিকে কাজে লাগিয়ে অন্যান্য দেশকে চাপে ফেলার মধ্য দিয়ে স্বার্থ হাসিলের কৌশলটি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির জন্য একটি বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও ট্রাম্পের শুল্কনীতি নতুন কোনো বিষয় নয়। নিজের প্রথম মেয়াদে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনায় মেক্সিকো, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল। তবে সেসব পদক্ষেপের এবারের মতো বিস্তৃত ছিল না। কিন্তু ৩০ দিনের সময়সীমা পেরোনোর পর ট্রাম্প কানাডা ও মেক্সিকোর বিরুদ্ধে এই শুল্কনীতি বিষয়ক হুমকি আবারও কার্যকর করবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। অর্থনীতিবিদদের শঙ্কা, ট্রাম্পের এ সিদ্ধান্ত পরবর্তী সময়ে কার্যকর হলে তা যুক্তরাষ্ট্রের বাজারের ওপর বাকিদের নির্ভরতা কমতে পারে। সেই সঙ্গে নতুন কারখানা নির্মাণে বিনিয়োগ ও কর্মী নিয়োগ বন্ধ হয়ে যেতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তরাঞ্চলে একটি নিরাপদ সীমান্ত নিশ্চিত করার বিষয়ে কানাডা একমত হয়েছে। নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আমি এই প্রাথমিক অর্জনে আনন্দিত এবং শনিবার ঘোষণা করা শুল্ক প্রয়োগ ৩০ দিনের জন্য স্থগিত থাকবে। মধ্যবর্তী সময়ে কানাডার সঙ্গে একটি চূড়ান্ত অর্থনৈতিক চুক্তির বিষয়ে আলোচনা করা হবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, প্রায় ১০ হাজার মানুষ সীমান্ত সুরক্ষায় কাজ করবে। এর সঙ্গে কানাডা একজন ফেন্টানিল জার নিয়োগের অঙ্গীকার করছে। আমরা সন্ত্রাসী হিসেবে কার্টেলগুলোর তালিকা করব। সীমান্তের ওপর ২৪/৭ নজর রাখা নিশ্চিত করা হবে। সংঘটিত অপরাধ, ফেন্টানিল ও অর্থ পাচার মোকাবিলায় কানাডা-যুক্তরাষ্ট্র যৌথ স্ট্রাইক ফোর্স চালু করা হবে। সেই সঙ্গে ফেন্টানিল ও সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে ২০০ মিলিয়ন ডলারের একটি নতুন গোয়েন্দা নির্দেশনায় স্বাক্ষর করার কথাও জানিয়েছেন ট্রুডো।
ফেন্টানিল পাচার ঠেকানোর বিষয়ে মনোযোগ দিতে সীমান্তে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েনের বিষয়ে রাজি হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট শেনবাউম। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্রের পাচার রোধে ট্রাম্পের প্রতিশ্রুতি আদায়ে সমর্থ হয়েছেন। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শিগগিরই মেক্সিকো সফর করতে পারেন। সেই সঙ্গে ফেন্টানিলের পাচার বিষয়ে মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে একটি যৌথ দল গঠন করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রে চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের ১০ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় মঙ্গলবার বেইজিংও জ্বালানি তেলসহ বেশ কিছু মার্কিন পণ্যের ওপর শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। চীনের অর্থ মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, নতুন শুল্কের আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা নির্দিষ্ট ধরনের কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অপরিশোধিত তেল, কৃষিযন্ত্র, বড় ইঞ্জিনের গাড়ি ও পিকআপ ট্রাকে ১০ শতাংশ করে শুল্ক বসবে। ১০ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্তটি কার্যকর হবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় নতুন রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় টাংস্টেন-সংক্রান্ত উপকরণ ও টেলুরিয়ামের সঙ্গে সংশ্লিষ্ট উপকরণ যুক্ত করেছে। এসব পণ্য শিল্প ও প্রতিরক্ষা খাতে ব্যবহৃত হয় এবং সৌরকোষ তৈরিতে কাজে লাগে। চীনের রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ প্রশাসন পৃথক এক বিবৃতিতে গুগলের বিরুদ্ধে অ্যান্টি-মনোপলি আইনের লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে। যদিও গুগলের ব্রাউজার চীনে নিষিদ্ধ এবং দেশটিতে কোম্পানিটির কার্যক্রম খুবই সীমিত। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে জানিয়েছেন, নতুন আরোপিত শুল্কের বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প।