ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে জাইমা

আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নিরাপদে ওয়াশিংটন পৌঁছেছেন।’

এর আগে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন দুই নেতা। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধিদলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাচ্ছেন না। তার প্রতিনিধিত্ব করবেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। কংগ্রেস ও সিনেটের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এমন একটি আয়োজন, যেখানে বিশ্বের বহু দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত হয়ে থাকেন। এখানে রাজনৈতিক ভিন্নমত নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন।