চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কোনো আম্পায়ার নেই, আছেন বাংলাদেশের সৈকত

চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। এক মাসব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তুত ৮টি দেশ। পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, যার পর্দা উঠবে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে।

তবে আজ (বুধবার) আইসিসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ম্যাচ অফিসিয়ালদের তালিকা। যেখানে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত নাম রয়েছে, তবে রয়েছে একটি বড় চমক— তালিকায় ভারতের কোনো আম্পায়ার নেই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পালনের জন্য মোট ১৫ জন আম্পায়ার নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার উপস্থিতি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গর্বের বিষয়। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার সাম্প্রতিক সময়ে বেশ প্রশংসিত হয়েছেন মাঠে তার সিদ্ধান্তের জন্য। বিশেষত বোর্ডার-গাভাস্কার সিরিজের মেলবোর্ন টেস্টে ভারতের যশস্বী জয়সওয়ালকে আউট দেওয়ার সাহসী সিদ্ধান্তটি ক্রিকেটবিশ্বে আলোচনায় আসে।

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এই সিরিজের পর সিডনি টেস্টে আরও একবার তার কার্যক্ষমতা প্রমাণ করেছেন। তার নিখুঁত সিদ্ধান্তগ্রহণ এবং নির্ভুল আম্পায়ারিং তাকে আন্তর্জাতিক অঙ্গনে এক বিশেষ স্থান দিয়েছে। ভারতের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাকে দেখা যাবে, যা তার জন্য আরও একটি বড় সুযোগ হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ রেফারি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইক্রফট। এরা প্রত্যেকেই আইসিসির এলিট প্যানেল অফ ম্যাচ রেফারির সম্মানিত সদস্য।

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অফিসিয়ালরা

আম্পায়ার প্যানেল: কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রেইফেল, শরফুদ্দৌলা ইবনে শহীদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন।

ম্যাচ রেফারি প্যানেল: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ডি পাইক্রফট।