'ভিনি আর নেই সে ভিনি'

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম

ভিনি আর নেই সে ভিনি! নতুন বছরে মাঠে নেমে যেন হারিয়ে গেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গত কয়েক মৌসুমে দলের আক্রমণের অন্যতম প্রাণভ্রমর হলেও ২০২৫ সালে এখন পর্যন্ত নিজেকে খুঁজে পাচ্ছেন না এই উইঙ্গার। বিশেষ করে এস্পানিওলের বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর স্প্যানিশ সংবাদমাধ্যম 'এএস' তার বর্তমান ফর্ম নিয়ে কড়া সমালোচনা করেছে।

সংবাদমাধ্যমটি লিখেছে, 'ভিনিসিয়ুস আর আগের ভিনিসিয়ুস নেই। ২০২৫ সালে তিনি নিজের ছন্দ খুঁজে পাচ্ছেন না। এস্পানিওলের বিপক্ষে তার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, এরপর থেকেই তিনি ম্যাচ থেকে হারিয়ে যান। কর্নেলায় যেন অদৃশ্য ছিলেন তিনি।'

শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, সংবাদমাধ্যমটি দাবি করেছে যে রিয়াল মাদ্রিদ এখন তাদের আক্রমণের ভারসাম্যে পরিবর্তন এনেছে। সাধারণত বাম পাশ দিয়ে ভিনির দাপট দেখা গেলেও, এখন রদ্রিগোর নেতৃত্বে ডান প্রান্ত থেকে বেশি আক্রমণ করছে দলটি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, 'ভিনিসিয়ুস এখনও হুমকি, তবে সেরা অবস্থায় নেই। চেষ্টা ছিল, তবে কার্যকরী কিছু আসেনি। ভিনিসিয়ুস এখনও বিপজ্জনক, কিন্তু এই মুহূর্তে তিনি 'দ্য বেস্ট' নন। তার পরিস্থিতি নতুন কিছু নয়, এমনকি রিয়ালের ভেতরেও নয়।'

পরিসংখ্যান কী বলছে?

২০২৫ সালে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস। যদিও চ্যাম্পিয়ন্স লিগের শেষ গ্রুপ পর্বে আরবি সালজবুর্গের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয়ের ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি, তবে লা লিগায় ধারাবাহিকতার অভাবই ফুটে উঠেছে তার খেলায়।

চলতি মৌসুমে ভিনিসিয়ুসের ফর্ম নিয়ে রিয়াল মাদ্রিদ ভক্তরা চিন্তিত হতেই পারেন। তবে সামনের ম্যাচগুলোতে নিজেকে আবার প্রমাণ করার সুযোগ থাকছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সামনে।

ভিনির অফ ফর্ম নিয়ে ভক্তদের দুশ্চিন্তা বাড়ছে, আর তার ওপর রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক কৌশলগত পরিবর্তনও যেন তার খেলায় প্রভাব ফেলছে। দলটি এখন আগের মতো বাম পাশের ওপর নির্ভর না করে ডান পাশ থেকে রদ্রিগোর নেতৃত্বে আক্রমণ সাজাচ্ছে, যা ভিনির প্রভাব কমিয়ে দিচ্ছে। তাহলে কি সত্যিই তিনি আর নেই সেই পুরনো ভিনি?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত