পারফরম্যান্স নিয়ে প্রশ্নে রেগে গেলেন রোহিত শর্মা 

কাল থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের প্রথম ওয়ানডে ভারতের। তার আগের আগের দিন, বুধবার নাগপুরে সংবাদ সম্মেলনে নিজের ফর্ম ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে রেগে গেলেন রোহিত শর্মা।  

সাম্প্রতিক সময়ের ব্যাটিং ব্যর্থতা ও তার পছন্দের ফরম্যাটে ফেরা নিয়ে প্রশ্ন করা হলে ভারতীয় অধিনায়ক রাগত কণ্ঠে বলেন, 'এটা কেমন প্রশ্ন! এটা ভিন্ন ফরম্যাট, ভিন্ন সময়। আমরা ক্রিকেটাররা জানি, উত্থান-পতন থাকবেই, এবং আমি আমার ক্যারিয়ারে অনেক দেখেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়। প্রতিটি দিন নতুন, প্রতিটি সিরিজ নতুন।'

যোগ করেন, 'আমি ভবিষ্যতের চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আছি, অতীত নিয়ে ভাবছি না। আপনি হয়তো ভাবেন, কিন্তু আমার জন্য অতীতে ফিরে তাকানোর দরকার নেই। অনেক ভালো ব্যাপারও ঘটেছে। সামনে যা আসছে, সেটাতে ফোকাস করাটাই গুরুত্বপূর্ণ। সিরিজটা ভালোভাবে শুরু করার লক্ষ্য রাখছি।' 

এমন আচরণ রোহিতের জন্য বিরল। এমনকি গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৬ রানে অলআউট হওয়ার পরও তিনি ঠান্ডা মাথায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। কিন্তু বুধবার নাগপুরে তাকে দেখা গেল একদম ভিন্ন রূপে, অস্থির, কিছুটা আক্রমণাত্মক, যা বিরাট কোহলির আগের রাগী প্রতিক্রিয়াগুলোর কথা মনে করিয়ে দেয়।  

চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে রোহিতের সোজাসাপ্টা জবাব, 'আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখানে বসে কথা বলাটা কতটা প্রাসঙ্গিক? সামনে তিনটি ওয়ানডে এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। রিপোর্টগুলো তো অনেক বছর ধরেই শোনা যাচ্ছে, কিন্তু আমি এখানে সেগুলো ব্যাখ্যা করতে আসিনি। এই তিনটি ম্যাচ ও চ্যাম্পিয়ন্স ট্রফিই এখন আমার জন্য গুরুত্বপূর্ণ। এরপর কী হবে, সেটা পরে দেখা যাবে।'

অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যদি আবার চোট পান, তাহলে বিকল্প পরিকল্পনা কী—এমন প্রশ্নেও বিরক্তি প্রকাশ করেন রোহিত, 'নেতিবাচক চিন্তা কেন? সে চোট পাবে, এটা হবে, ওটা হবে—এইসব ভাবার দরকার নেই। নির্বাচকদের মনেও অনেক কিছু আছে, যা আমি এখানে বলতে পারব না। বিশ্বকাপে ও তো তৃতীয় বা চতুর্থ ম্যাচে চোট পেয়েছিল, তারপরও আমরা পুরো টুর্নামেন্ট খেলেছি। যদিও ফাইনাল হেরেছি, তবে ফাইনাল পর্যন্ত ভালো ক্রিকেট খেলেছি। এখন এসব ভেবে লাভ নেই। এখন আমরা ভালো ক্রিকেট খেলছি, সেটাই ধরে রাখার চেষ্টা করব।'