এসএ টোয়েন্টি ও টেস্ট সিরিজের সূচি সাংঘর্ষিক হওয়ায় ২০২৪ সালে নিউজিল্যান্ড সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আইপিএলের ব্যস্ততার জন্য সেবার কিউইদের মাটিতে খেলতে যাননি কাগিসো রাবাদা, এইডেন মার্করাম, টেম্বা বাভুমারা। ১৪ জনের দলে অভিষেক হয়নি এমন ৭ ক্রিকেটারদের নিয়ে টেস্ট খেলতে গিয়েছিল প্রোটিয়ারা।
এমন কাণ্ডের পর বিশ্ব জুড়ে সমালোচনার মুখে পড়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। যদিও বোর্ডের ঢাল হয়ে টেস্ট দলের প্রধান কোচ শুকরি কনরাড বলেছিলেন, এসএ টোয়েন্টি লিগ না থাকলে দক্ষিণ আফ্রিকায় টেস্ট ক্রিকেটও থাকবে না। বছরখানেক পর আবারও একই সমস্যায় পড়তে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। ৮ ফেব্রুয়ারি লাহোরে শুরু হবে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ।
প্রোটিয়াদের প্রথম ম্যাচ ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে, লাহোরে। নিজেদের প্রথম ম্যাচের জন্য মাত্র ১২ সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। বাভুমাকে অধিনায়ক করে ঘোষিত ১২ সদস্যের স্কোয়াডের ৬ জনের এখনো অভিষেকই হয়নি। অর্থাৎ এসএ টোয়েন্টি লিগের জন্য পুরো স্কোয়াডই বানাতে পারছে না তারা।
চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকা মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, রায়ান রিকেলটন, ট্রিস্টিয়ান স্টাবস এবং রাসি ফন ডার ডুসেন নেই দলে। যতটুকু জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের বিমান ধরবেন তারা। তবে ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে যোগ দিতে পারেন কেশব মহারাজ এবং হেইনরিখ ক্লাসেন।
প্রথম ম্যাচের জন্য স্কোয়াডে নেওয়া হয়েছে ব্যাটার মিকা-ইল প্রিন্স, পেসার গিডোন পিটার্স, ইথান বশ এবং অলরাউন্ডার মিহলালি এমপোংওয়ানা। দলে সুযোগ পাওয়ার পর ফের ইনজুরিতে পড়ায় এই দল থেকে ছিটকে গেছেন জেরাল্ড কোটজে।
দক্ষিণ আফ্রিকার ১১ জনের নাম টেম্বা বাভুমা (অধিনায়ক), ইথান বশ, ম্যাথু ব্রিটজ, জুনিয়র ডালা, উইয়ান মুল্ডার, মিহলালি এমপোংওয়ানা, সেনুরান মুথুসামি, গিডোন পিটার্স, মিকা-ইল প্রিন্স, জেসন স্মিথ এবং কাইল ভেরেইন।