মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের লেকের পাশ থেকে পূর্নিমা রেলী (১২) নামে এক কিশোরীর গলা ও হাতের কব্জি কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শমশেরনগর চা বাগানের ১১ নম্বর সেকশনের দুটি টিলার মধ্যবর্তী স্থান থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এর আগে বুধবার সন্ধ্যায় গরু আনতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিহত পূর্নিমা একই চা বাগানের ৬ নম্বর টিলার আপ্পারাও রেলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্নিমা রেলী গরু আনার জন্য তার ঘর থেকে বের হয়। পরে তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন রাতভর খোঁজাখুজি করে তাকে কোথাও খুজে পায়নি। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে পূর্নিমার খালা বৃষ্টি রেলীসহ অন্যান্য মহিলার খোঁজাখুজির একপর্যায়ে শমশেরনগর চা বাগানের ১১ নম্বর সেকশনের দুটি টিলার মাঝে পূর্ণিমা রেলীর গলা ও হাতের কব্জি কাটা রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করলে শমশেরনগর পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পূর্নিমার মরদেহ উদ্ধার করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনা উদঘাটনে পুলিশি তদন্ত চলমান রয়েছে।’