আওয়ামী লীগকে ঠেকাতে কঠোর অবস্থানে বিএনপি

রাজবাড়ীতে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বিএনপি। গত বুধবার রাতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও ভাষণের পর থেকেই রাজবাড়ীতে থমথমে পরিবেশ বিরাজ করছে। ভাঙচুর করা হয়েছে রাজবাড়ী সরকারি কলেজের বঙ্গবন্ধুর ম্যুরাল।

জানা যায়, ফেব্রুয়ারিতে মাসব্যাপী আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আর এই কর্মসূচিকে ঠেকাতে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল মাঠে তৎপর রয়েছে। গত বুধবার রাজবাড়ীতে আওয়ামী লীগের লিফলেট বিতরণের খবরে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। বিকেলে জেলা গণ অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল হয়। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। মিছিল থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগবিরোধী সেøাগান দেওয়া হয়। বেলা ১১টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে ছাত্রসমাজ। সকাল থেকেই আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শহরের আজাদী ময়দানসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১টার দিকে জেলা বিএনপি ও অন্য সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, ‘সরকারকে বিতর্কিত করতে কেউ যদি আইনশৃঙ্খলা অমান্য করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’