তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। সেবার দলটির মালিক মিজানুর রহমান বলেছিলেন, লঞ্চে করে ট্রফি নিয়ে যাওয়া হবে বরিশালে। তবে সেটা আর বাস্তবায়ন হয়নি। এবার আরেকটি ফাইনালের আগে একই ইচ্ছার কথা জানালেন অধিনায়ক তামিম ইকবাল। সেইসঙ্গে বরিশালের বিশাল সমর্থকগোষ্ঠীর জন্য নিজেদের উজার করে খেলার প্রতিশ্রুতিও দিয়েছেন।
আজ সন্ধ্যায় মিরপুরে বিপিএল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফরচুন বরিশাল আর চিটাগং কিংস। এর আগে গতকাল সংবাদ সম্মেলনে লঞ্চে করে ট্রফি বরিশাল নেওয়ার ব্যাপারে তামিম বলেন. ‘অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি ইচ্ছা আছে (লঞ্চে করে)। আমার মনে হয় কোনো কারণেই যেতে পারিনি। এবার যদি আল্লাহ আমাদের উপর রহমত করে তাহলে অবশ্যই।’
বরিশালের হয়ে খেলতে পারায় নিজেদের ভাগ্যবান জানিয়ে তামিম বললেন, ‘আমরা খুবই ভাগ্যবান যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি। চিটাগং, সিলেট, ঢাকা যখন যেখানে যে ম্যাচই আমরা খেলি গ্রুপ পর্ব হোক কোয়ালিফায়িং হোক বরিশালের দর্শক সবসময় ছিল। আমরা অনেক ভাগ্যবান। এটাই আমরা বিপিএল নিয়ে স্বপ্ন দেখেছি। একেকটা দলের আলাদা ফ্যানবেইজ থাকবে। যা বরিশাল সফলভাবে করতে পেরেছে গত দুই বছরে।’
শক্তির দিক থেকে বরিশাল এবার বেশ শক্তিশালী দল। তবে মাঠে যারা নিজেদের শান্ত রাখতে পারবেন তারাই জিতবেন বলে মনে করেন তামিম, ‘যে দল বেশি শান্ত থাকবে তারই জেতার চান্স বেশি। আমি আগের দুই বার ফাইনাল খেলেছি। অত বেশি চিন্তিত থাকি না ফাইনালে। আশা করি কালকের দিনও এভাবে যাক। ফাইনাল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি শান্ত থাকতে না পারেন, চাপে পড়ে যান, তখনই ভুল করবেন। শান্ত থাকা দলই বেশি সুযোগ পাবে।’