এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া তামিম ইকবাল আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বিপিএল ফাইনালের হাইভোল্টেজ ম্যাচে শিরোপা জয়ের আনন্দের মধ্যেই মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করেছিল তার বিদায়ী সংবর্ধনা।
শুধু বিদায়ই নয়, দেশসেরা এই ওপেনার রেখে গেলেন গুরুত্বপূর্ণ বার্তা - নির্দিষ্ট কারো নয়, বরং বাংলাদেশের সমর্থক হোন!
কয়েকদিন আগেই ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন তামিম। এরপর আজ (শুক্রবার) বিপিএলের একাদশ আসরের ফাইনালে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তিনি।
চিটাগাং কিংসের বিপক্ষে ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে বরিশালকে শিরোপা এনে দেন তামিম ইকবালরা। ম্যাচের পরপরই বিসিবি তার সম্মানে আয়োজন করে বিদায়ী সংবর্ধনার। সেখানে তুলে দেওয়া হয় স্মারক জার্সি, যাতে লেখা ছিল তার ক্যারিয়ারের পরিসংখ্যান। দেওয়া হয় বিশেষ ক্রেস্টও।
বিদায়ী সংবর্ধনায় আবেগঘন বক্তব্যে দেশের ক্রিকেটভক্তদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দেন তামিম। তিনি বলেন, 'কোনো তামিমিয়ান নেই, কোনো সাকিবিয়ান নেই, কোনো মাশরাফিয়ান নেই। শুধু একটা জিনিস আছে, আর সেটা হলো বাংলাদেশ। এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়, দয়া করে এসব বন্ধ করুন। এটাই আমার শেষ কথা।'
বাংলাদেশ ক্রিকেটে তারকা-ভক্ত সংস্কৃতি নিয়ে হতাশা প্রকাশ করে তামিম আরও বলেন— 'আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিবের হতে পারেন, মাশরাফির হতে পারেন। কিন্তু যখন দল খেলবে, তখন বাংলাদেশের সমর্থক হোন। তরুণরা ভুল করবে, কিন্তু দয়া করে তাদের পাশে থাকুন। এটা আমাদের দল, আমাদের বাংলাদেশ। সবাই একসঙ্গে থাকুন।'
২০০৭ সালে অভিষেকের পর থেকে তিন ফরম্যাট মিলিয়ে ৩৮৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ব্যাট হাতে ৪৪৮ ইনিংসে সংগ্রহ করেছেন ১৫,১৯২ রান। দেশের হয়ে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি করেছেন তিনি।
বিদায়ী সংবর্ধনার মঞ্চে দাঁড়িয়ে শিরোপা হাতে নেওয়া তামিমের চোখে ছিল প্রশান্তি। দেশের ক্রিকেটে তার অবদান অনস্বীকার্য, তার নাম রয়ে যাবে ইতিহাসের পাতায়- অমলিন, অবিস্মরণীয়!