বিপিএল, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অন্যান্য পুরস্কারের পাশাপাশি উদয়ীমান ক্রিকেটারের পুরস্কারও দেওয়া হয়। কোনো নবীন ক্রিকেটার এসে দারুণ পারফর্ম করলে সাধারণত তার হাতেই তুলে দেওয়া হয় উদয়ীমান ক্রিকেটারের পুরস্কার। তবে সদ্য সমাপ্ত একাদশ বিপিএলে এই পুরস্কার পেয়েছেন তানজিদ হাসান তামিম, যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
প্রতিটি টুর্নামেন্টেই সেরা উদীয়মান বাছাইয়ের কিছু মানদণ্ড থাকে। যেমন আইপিএলে উদীয়মান ক্রিকেটার হতে হলে তাকে অবশ্যই ৫ টেস্ট, ২০ ওয়ানডে ও ২৫টির কম আইপিএল ম্যাচ খেলতে হবে। আবার কোনো কোনো টুর্নামেন্টে বয়স ২২, ২৩ বা সর্বোচ্চ ২৫ নির্ধারণ করে দেওয়া থাকে। অর্থাৎ এটা পরিস্কার যে, একেবারে অনভিজ্ঞ নবীন কোনো পারফর্মারকে লাইমলাইটে আনাই এই পুরস্কার প্রদানের উদ্দেশ্য।
এবার দেখা যাক, তানজিদ তামিম উদীয়মান ক্রিকেটার হওয়ার শর্তগুলো পূরণ করতে পেরেছেন কিনা। তানজিদের বয়স এখন ২৪ বছর ২ মাস। ইতোমধ্যেই তিনি দুটি বিশ্বকাপসহ ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২১–২২ মৌসুম থেকে শুরু করে এই নিয়ে তৃতীয়বার খেললেন বিপিএলে। এর মানে, প্রতিষ্ঠিত এবং পরীক্ষিত ক্রিকেটার হিসেবেই তিনি এবারের বিপিএলে খেলতে নেমেছিলেন।
বিপিএলে তিন আসর মিলিয়ে তিনি খেলেছেন মোট ২৬ ম্যাচ। এবারের আসরে ১২ ইনিংসে করেছেন ৪৮৫ রান, যা তার মতো জাতীয় দলের ওপেনারের কাছে প্রত্যাশিতই ছিল। সুতরাং, বয়সের মানদণ্ড যদি ২৫ ধরা হয়, তাহলেই শুধু উদীয়মান ক্রিকেটার হিসেবে পাস করতে পারেন তানজিদ। উদীয়মান ক্রিকেটার হিসেবে তিনি পেয়েছেন ৩ লাখ টাকা পুরস্কার। বিসিবি এখনও এই বিষয়টির ব্যাখ্যা দেয়নি।