রাজনীতি নয়, বোর্ড সভাপতি হতে আগ্রহী তামিম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭ পিএম

পরপর দুইবার অধিনায়ক হিসেবে ফরচুন বরিশালকে শিরোপা এনে দিয়েছেন তামিম ইকবাল। বিপিএলের মাঝেই দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা। গতকালের ফাইনালে তাকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়েছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কী ভাবছেন তামিম? রাজনীতিতে জড়াবেন নাকি বিসিবিতে?

তামিমের সাবেক দুই সতীর্থ মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান খেলোয়াড়ী জীবনেই সরাসরি রাজনীতিতে জড়িয়েছেন। পরিণতি ভালো হয়নি। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিমকেও প্রশ্ন করা হয়, রাজনীতি করবেন কিনা? জবাবে তামিম বলেন, ‘রাজনীতিতে? এখন তো আমি রিটায়ার্ড, যদিও আসিও, এখন ওই আলোচনাটা হবে না। তবে আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই।’

তামিম জানিয়েছেন, আরও অন্তত দুই বছর বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে চান। অনেকদিন ধরেই তার বোর্ডে আসার গুঞ্জন শোনা যাচ্ছে। তামিমও একাধিকবার আকার-ইঙ্গিতে বুঝিয়েছেন, একদিন তিনি ক্রিকেট প্রশাসনে কাজ করতে চান। তাই সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল- বিসিবি সভাপতি হতে চান কিনা? এই সম্ভাবনা অবশ্য উড়িয়ে দেননি দেশের সেরা ওপেনার। চোখ নাচিয়ে হাসতে হাসতে বলেন, ‘ওটা দেখা যাক…।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত