১২ হাজার ইয়াবাসহ চেয়ারম্যান আটক

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে (৫৩) ১২ হাজার ২৭৪ টি ইয়াবাসহ আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩ টায় সেন্টমার্টিন দ্বীপের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকার চেয়ারম্যানের নিজ বসত বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। 

শনিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে এমন তথ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মুজিবুর রহমান। তবে কোস্ট গার্ড সদস্যরা তাকে আটকে ফেলেন। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বস্তার ভেতরে ১২ হাজার ২৭৪ টি ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।