কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজঘাট থেকে সেন্টমার্টিন নৌরুটে পুনরায় জাহাজ চলাচলের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে দমদমিয়া জাহাজঘাটে এ কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
‘জনসাধারণ, উখিয়া-টেকনাফ’ এবং ‘টেকনাফ দূরপাল্লার বাস ব্যবস্থাপক সমবায় সমিতি- এই দুটি ব্যানারে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অনেকের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়।
কর্মসূচিতে বক্তারা বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালু হলে দ্বীপের বাসিন্দাদের যাতায়াত সহজ হবে। পাশাপাশি পর্যটন খাত, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও পরিবহনসংশ্লিষ্ট মানুষের জীবিকায় ইতিবাচক প্রভাব পড়বে।
তারা বলেন, সেন্টমার্টিন দ্বীপের মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং পর্যটনশিল্পের বিকাশে দমদমিয়া জাহাজঘাটের গুরুত্ব রয়েছে। তাই স্থানীয় মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বক্তারা যাত্রীদের নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সরকারি বিধিনিষেধ অনুসরণ করে নৌরুটটি চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেস হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।