সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের ম্যুরাল এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত নতুন মাটি এলাকায় অবস্থিত শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের ম্যুরাল বিক্ষুব্ধ জনতা এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়। এছাড়া বিক্ষুব্ধরা এ দিন রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের শেখ মুজিবের ম্যুরাল ও চালতাতলা সড়কে মুক্তিযোদ্ধার নামের ফলক ভেঙে ফেলেছে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের একটি টিনসেড ঘরের চালসহ দুটি ঘরের দরজা-জানালা ভাঙচুর করেও খুলে নিয়ে যায়। এরপর গতকাল শুক্রবার রাতে অবশিষ্ট অংশ এস্কেভেটর দিয়ে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে।