কুষ্টিয়ার কুমারখালীতে ময়লা ফেলতে গিয়ে বাড়ির সামনে থেকে মো. মোফাজ্জেল (৫৪) নামের এক কেয়ারটেকার অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার দুর্গাপুর এলাকার আবহাওয়া পর্যবেক্ষণাগের পাশ থেকে তাকে অপহরণ করা হয়। ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি সাদা হাইস গাড়িতে ( ঢাকা মেট্রো চ- ১২- ৩৫৬৯) তাকে তুলে নিয়ে দ্রুত চলে যান বলে জানিয়েছেন স্বজনরা।
মোফাজ্জেল পৌরসভার দুর্গাপুর এলাকার গিয়াস শেখের দোতালা বিশিষ্ট পাকা বাড়ির কেয়ারটেকার ও ভাড়াটিয়া। এবং উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার মনির উদ্দিনের ছেলে। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী রমেছা খাতুন (৪৫)।
দুপুরে সরেজমিন দুর্গাপুর এলাকায় গিয়ে দেখা যায়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছেন স্বজনরা।
এ সময় মোফাজ্জেলের নাতি নুর ইসলাম বলেন, নানা সকালে সড়কের ধারে ময়লা ফেলতেছিল। এ সময় সাদা হাইস গাড়িতে (ঢাকা মেট্রো চ- ১২- ৩৫৬৯) ৫-৬ জন এসে ধস্তাধস্তি করে নানাকে গাড়িতে তুলছিল। আমি বাধা দেওয়ার চেষ্টা করি। আমাকে ধাক্কা দিয়ে নানাকে নিয়ে দ্রুত কুমারখালীর শহরের দিকে চলে যায়।
স্বজনরা জানায়, মো. মোফাজ্জেল প্রায় ১৫ বছর ঢাকায় ইজিবাইক চালাতেন। প্রায় ৯ মাস আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর থেকে স্ত্রী ও তিন সন্তান জায়িন, নাইম ও ইয়াকুবের নিয়ে দুর্গাপুর এলাকার গিয়াস শেখের বাড়ির দোতালায় ভাড়া থাকছেন। বাড়ির মালিক গিয়াস ঢাকায় থাকেন। সেই সুবাধে মোফাজ্জেল ওই বাড়িটির কেয়ারটেকার হিসেবে কর্মরত আছেন। তিনি শনিবার সকালে বাড়ির সামনে ময়লা ফেলতে গেলে এ ঘটনা ঘটে।
কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী রমেছা খাতুন বলেন, আমি কিছুই জানি না। বাসার ভেতরে ছিলাম। নাতি বলল নানাকে ৫/৬ জন তুলে নিয়ে গেছে। তার ( স্বামীর) কোনো শত্রু নেই, মামলাও নেই। কারা নিয়ে গেল কিছুই জানি না। আপনারা আমার স্বামীকে সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে দেন।
লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ। তিনি বলেন, গাড়ির নম্বর পাওয়া গেছে। মোফাজ্জেলকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।