দলীয় কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মনিরামপুর বাজারের জেলা পরিষদ মার্কেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি গোলাম সরোয়ার ২০/৩০ জন সমর্থক নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশের সময় সেখানে আগে থেকে উপস্থিত সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির অপর সদস্য ড. এমএ মুহিতের সমর্থক ও নেতাকর্মীরা প্রবেশে বাঁধা দিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় সাংবাদিকসহ ২৫ জন আহত হয়।
এ ঘটনার প্রতিবাদে এদিন দুপুর ২টার দিকে গোলাম সরোয়ার সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, তার সমর্থকদের নিয়ে তিনি দুপুর ১টার দিকে শাহজাদপুর উপজেলা বিএনপি কার্যালয়ে প্রবেশের সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির অপর সদস্য ড. এমএ মুহিতের সমর্থকরা প্রবেশে বাঁধা দিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তিনি ও তার লোকজন দৌড়ে পালানোর সময় প্রতিপক্ষের লোকজন তাকেসহ ২০ জন সমর্থককে পিটিয়ে আহত করে।
অপরদিকে এদিন বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত পাল্টা সংবাদ সম্মেলনে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ বলেন, গোলাম সরোয়ার ঢাকায় রাজনীতি করলেও গত ১৭ বছরে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। হঠাৎ তিনি স্থানীয় নেতাকর্মীদের না জানিয়ে আওয়ামী লীগ ও নিষ্ক্রিয়দের সঙ্গে নিয়ে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করেন।
এ সময় আগে থেকে পার্টি অফিসে অবস্থান করা নেতাকর্মীরা বাধা দিলে এ অপ্রীতিকর ঘটনা ঘটে। এ সময় আমাদের পক্ষের দুই জন আহত হয়েছে। এ সংবাদ সম্মেলনে সাবেকসহ সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলীসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে এই সংঘর্ষের ভিডিও ধারণ করার সময় ড. এমএ মুহিতের সমর্থকদের হামলায় সাংবাদিক সেলিম হোসেনসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়।