চ্যাম্পিয়নস লিগ নকআউট রাউন্ড প্লে-অফে প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচ আগামী মঙ্গলবার। তার আগে এফএ কাপে জয় পেল সিটিজেনরা। আজ শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যানসিটি ২-১ গোলে হারায় লেটন ওরিয়েন্টকে।
সামনে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ তাই আর্লিং হালান্ড, বার্নার্দো সিলভা, ম্যানুয়েল আকাঞ্জি, জাসকো গাভার্দিওলসহ অনেকেই ছিলেন না এই ম্যাচের স্কোয়াডে।
সিটিকে চমকে দিয়ে ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় স্বাগতিক ওরিয়েন্ট। সিটির গোলকিপার ওর্তেগাকে খানিকটা এগিয়ে থাকতে দেখে মাঝ মাঠের একটু সামনে থেকে লং রেঞ্জ শট নেন জেমি ডোনলে। ওর্তেগার মাথার উপর দিয়ে বল যায়, এ সময় সিটির গোলকিপারও পেছনের দিকে দৌড়ান বল আটকাতে। তবে বল বারে লেগে ওর্তেগার পেছনে লেগে জালে জড়ায়।
উজবেকিস্তানের তরুণ ডিফেন্ডার আবদুকোদির খুসানভের সিটির হয়ে অভিষেক ম্যাচটা ভালো কাটেনি। পরে আর্সেনালের বিপক্ষে ছিলেন বেঞ্চে। এদিন দ্বিতীয়ার্ধে বদলি নামেন তিনি। ৫৬ মিনিটে খুসানভের গোলে সমতায় ফেরে সিটিজেনরা। ৭২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। সাত মিনিট পর ডি ব্রুইনের গোলেই এগিয়ে যায় গার্দিওলার দল। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে স্বস্তির জয়ে পঞ্চম রাউন্ডে পা রাখে ম্যানসিটি।