প্রায় তিন দশক পর দিল্লি বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছে ক্ষমতাসীন বিজেপি। আম আদমি পার্টির টানা দুই শাসনামলের অবসান ঘটিয়ে সেখানে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। তবে বিজেপি নেতৃত্ব এখনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র যাবেন। তার এই সফরের পর দিল্লিতে বড় পরিসরে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তার আগে স্বাভাবিকভাবেই নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।
বিজেপি নাম ঘোষণা না করলেও, দিল্লির নবনির্বাচিত বিধায়ক প্রভেশ ভার্মাকে এই পদের প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে। এনডিটিভি জানিয়েছে, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ৪ হাজার ৯৯ ভোটে হারিয়ে চমক সৃষ্টি করেছেন প্রভেশ ভার্মা। তিনি দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার ছেলে। তিনি পশ্চিম দিল্লির দুইবারের সাবেক সংসদ সদস্য। যদিও গত বছর সংসদ নির্বাচনে দলীয় টিকিট পাননি। এছাড়া উগ্র হিন্দুত্ববাদী এই নেতার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ও নানা সময়ে বিতর্ক সৃষ্টির অভিযোগ আছে।