রোহিতের বিধ্বংসী সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ভারতের

রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরির সামনে ইংল্যান্ডের প্রতিরোধ টিকল না। রবিবার কটকে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৩০৫ রানের লক্ষ্য ৫.৩ ওভার বাকি থাকতেই ছয় উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে ভারত। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা।

রোহিতের ব্যাট থেকে এসেছে ৯০ বলে ১১৯ রানের বিধ্বংসী ইনিংস, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৯তম শতক। শুবমন গিলের ৬০ রানের ইনিংস এবং শেষদিকে অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজার দায়িত্বশীল ব্যাটিং দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

ইংল্যান্ড ব্যাটিংয়ে প্রতিশ্রুতি দেখালেও লড়াই জমাতে পারেনি। শীর্ষ ছয় ব্যাটসম্যান সবাই ২৬-এর ঘর পার করলেও ৭০-এ পৌঁছাতে পারেননি কেউ। সর্বোচ্চ ৬৯ রান করেছেন জো রুট, অর্ধশতক পেয়েছেন বেন ডাকেট (৬৫)। শেষদিকে লিয়াম লিভিংস্টোন ও আদিল রশিদের ক্যামিওতে ৩০০ পার করে ইংল্যান্ড। তবে সেটিও যথেষ্ট হয়নি রোহিতের দাপুটে ব্যাটিংয়ের সামনে।

প্রথমে ব্যাটিং করে ইংল্যান্ড ৩০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। ডাকেট ছিলেন সবচেয়ে আক্রমণাত্মক, মাত্র ৩৬ বলে তুলে নেন ফিফটি। কিন্তু বাঁহাতি ব্যাটারের ইনিংস ৬৫ রানে থামিয়ে দেন জাদেজা, যিনি ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন তিন উইকেট।

রুট ও হ্যারি ব্রুক মিলে ইনিংস গড়ার চেষ্টা করেন, তবে বড় জুটি গড়তে ব্যর্থ হন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (৩৪) ও রুট (৬৯) যখন ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছিলেন, তখনই রুটকে ক্যাচ দিতে বাধ্য করেন জাদেজা। শেষদিকে লিভিংস্টোনের ঝড়ো ব্যাটিং দলকে ৩০০ পার করালেও তা যথেষ্ট হয়নি।

৩০৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম থেকেই ঝড় তোলেন রোহিত শর্মা। গাস অ্যাটকিনসনকে উড়িয়ে শুরু করেন, পরে সাকিব মাহমুদের বলেও হাঁকান ছক্কা। সপ্তম ওভারে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ৩০ মিনিটের জন্য খেলা বন্ধ থাকে, কিন্তু ফেরার পরও থামেননি ভারতীয় অধিনায়ক।

গিলের সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র ১৪ ওভারেই আসে শতরান। এরপর জেমি ওভারটনের দুর্দান্ত ইয়র্কারে গিল (৬০) ফিরে গেলেও ভারতের গতি কমেনি। রশিদের দুর্দান্ত লেগ স্পিনে বিরাট কোহলিও (২১) ফিরে যান, কিন্তু ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ রোহিতের হাতে।

৭৬ বলে তুলে নেন ক্যারিয়ারের ৪৯তম আন্তর্জাতিক শতক, যা আসে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে। ৩০তম ওভারে লিভিংস্টোনের ফুল টস বাউন্ডারিতে পরিণত করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত, তবে তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে।

পরাজয়ের পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, 'আমাদের একজনকে বড় ইনিংস খেলতে হতো, স্কোর ৩৩০-৩৫০ হলে ভালো হতো। আমরা আরও ভালো করতে পারতাম। তবে আমরা শিখছি, কিছু জায়গায় উন্নতি করতে হবে। রোহিত দেখিয়েছে কীভাবে এই ফরম্যাটে ব্যাট করতে হয়।'

সিরিজ এরই মধ্যে ভারতের দখলে, তবে ১৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে তৃতীয় ম্যাচটা হবে মর্যাদার লড়াই। অন্যদিকে, ইংল্যান্ডের জন্য এটি হবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ।