১০ জনের বার্সেলোনার দুর্দান্ত জয়, শিরোপার লড়াইয়ে বাড়ল উত্তেজনা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ এএম

১০ জনের দলে পরিণত হয়েও দাপুটে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রবিবার লা লিগায় সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট যোগ করেছে কাতালানরা।

এই জয়ে ৪৮ পয়েন্ট নিয়ে বার্সা উঠে এসেছে তৃতীয় স্থানে, অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট কম এবং শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পেছনে। অন্যদিকে, তিন ম্যাচ ধরে জয়হীন সেভিয়া ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে ১৩তম স্থানে।

শুরুর মাত্র সাত মিনিটেই রবার্ট লেভানডোভস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনিয়ার ক্রসে ইনায়গো মার্তিনেজ হেডে বল ফেরত পাঠালে সেখান থেকে জালে পাঠান পোলিশ স্ট্রাইকার। তবে মাত্র এক মিনিটের মধ্যেই সমতা ফেরায় সেভিয়া। সাউলের কাটব্যাকে ফাঁকায় বল পেয়ে যান রুবেন ভার্গাস, অনায়াসেই গোল করেন সুইস ফরোয়ার্ড।

প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোল আসেনি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার লিড নেয় বার্সেলোনা। বদলি নেমে ৪৭ মিনিটে পেদ্রির নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে জালের ঠিকানা খুঁজে নেন ফেরমিন লোপেজ।

৫৫ মিনিটে বার্সার তৃতীয় গোলটি আসে রাফিনিয়ার দুর্দান্ত শটে। তবে এর আগে বিতর্কিত এক মুহূর্ত তৈরি হয়। জিব্রিল সাও বার্সার ডিফেন্ডার জুলস কুন্দের চ্যালেঞ্জে পড়ে গেলে সেভিয়া পেনাল্টির জোরালো আবেদন করেছিল, তবে রেফারি তাতে কর্ণপাত করেননি। এর পরপরই পাল্টা আক্রমণ থেকে রাফিনিয়া বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জড়ান জালে।

৬০ মিনিটে ফেরমিন লোপেজ প্রতিপক্ষ মিডফিল্ডার জিব্রিল সাওকে ভয়ানক ট্যাকল করলে সরাসরি লাল কার্ড দেখেন, ১০ জনের দলে পরিণত হয় বার্সা। তবে সেভিয়া এই বাড়তি সুবিধার কোনো ফায়দা তুলতে পারেনি, বরং ম্যাচের ৮৯তম মিনিটে এরিক গার্সিয়ার হেডারে বার্সেলোনা চতুর্থ গোলটি পেয়ে যায়।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক শিষ্যদের প্রশংসায় ভাসালেন, 'এই জয় আমার কাছে অত্যন্ত মূল্যবান। খেলোয়াড়রা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে, তারা সাহস ও পরিপক্বতা দেখিয়েছে। প্রথমার্ধে ভালো খেলেছি, দ্বিতীয়ার্ধেও এগিয়ে ছিলাম। কিন্তু লাল কার্ডের পর কঠিন পরীক্ষা দিতে হয়েছে,' ম্যাচ শেষে ডিএজেডএন-কে বলেন ফ্লিক।

তিনি যোগ করেন, 'আমরা ভালোভাবে রক্ষণ সামলেছি, প্রতিপক্ষকে প্রান্ত থেকে সুযোগ নিতে দেইনি। ১০ জন নিয়ে লড়াই করা সহজ ছিল না, তবে ছেলেরা সেটাও করেছে। আমি খুবই খুশি।'

এই জয়ের ফলে শিরোপার লড়াই আরও জমে উঠল। বার্সেলোনার সামনে এখন সুযোগ, সামনের ম্যাচগুলোতে ধারাবাহিকতা ধরে রেখে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদকে চাপে ফেলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত