ফুটবলার মেসি সুপার বোলের মাঠে, সঙ্গে মায়ামির তিন সতীর্থ

আমেরিকার ক্রীড়াঙ্গন যেন থমকে গিয়েছিল সুপার বোল ৫৯-এর জন্য। ক্যানসাস সিটি চিফস ও ফিলাডেলফিয়া ঈগলসের শিরোপা লড়াইয়ের উত্তেজনা ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

মাত্র একদিন আগেই ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আর্জেন্টাইন মহাতারকা। হন্ডুরাসের ক্লাব ডেপোরটিভো অলিম্পিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে দলের জয়ে করেছিলেন দুই গোল ও এক অ্যাসিস্ট। কিন্তু মাঠের লড়াই শেষ হতেই তিনি ছুটে যান নিউ অরলিন্সের সিজারস সুপারডোমে, যেখানে অনুষ্ঠিত হয় আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট সুপার বোল। সঙ্গে ছিলেন তার তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো এবং দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্ডি আলবা।

মেসির মাঠে উপস্থিতি নিয়ে আগে থেকেই বেশ জল্পনা ছিল। এনএফএলের অফিসিয়াল অ্যাকাউন্ট পর্যন্ত তার আগমনের ভিডিও প্রকাশ করেছে। এমনকি সুপার বোলের আগে ক্যানসাস সিটি চিফসের তারকা কোয়ার্টারব্যাক প্যাট্রিক মাহোমসও আগেই জানিয়েছিলেন, মেসি থাকবেন গ্যালারিতে।

'মেসির মতো একজন কিংবদন্তি গ্যালারিতে থাকবেন, এটা দারুণ ব্যাপার। আমি তার খেলা গত বছর ক্যানসাস সিটিতে দেখেছি, সেখানে তিনি এক গোল ও এক অ্যাসিস্ট করেছিলেন। তার প্রতিদিনের পারফরম্যান্স থেকেই শেখার আছে,' বলেন মাহোমস।

সুপার ডোমে প্রবেশের সময় মেসিকে দেখা যায় স্বাভাবিক আরামদায়ক পোশাকে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল তার ছেলেদের জার্সি পছন্দ! ছোট দুই ছেলে মাতেও ও সিরো পরেছিলেন মাহোমসের ১৫ নম্বর জার্সি, যা স্পষ্টতই চিফসের প্রতি সমর্থন বোঝায়। কিন্তু বড় ছেলে থিয়াগো পরেছিলেন ঈগলসের কোয়ার্টারব্যাক জ্যালেন হার্টসের ১ নম্বর জার্সি!

মেসির উপস্থিতি যেমন এনএফএল ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল, তেমনি তার নতুন লুক নিয়েও সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে। মাত্র একদিন আগেই ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে তার নতুন হেয়ারস্টাইল প্রথমবারের মতো দেখা যায়, যা অনেক ভক্তের মতে মেসির 'সেরা লুক'। কেউ কেউ তাকে বর্ণনা করেছেন 'এস্থেটিক প্রাইম' মেসি হিসেবে।

একজন মজার ছলে লেখেন, '২০২৬ বিশ্বকাপে মেসির লুক হবে যীশুর মতো! আমরা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের জন্য প্রস্তুত।'

এটি ছিল পরপর দ্বিতীয়বারের মতো সুপার বোলে মেসির সম্পৃক্ততা। তবে গত বছর তিনি ছিলেন এক বিশেষ বিজ্ঞাপনের অংশ, যেখানে মেসিকে দেখা গিয়েছিল এক বিখ্যাত বিয়ার কোম্পানির বিজ্ঞাপনে। সেখানে একটি বল পায়ে পেয়ে তিনি সেটি নিয়ে নানা কৌশল দেখাতে থাকেন, যা ছিল তার কুকুর হাল্কের সঙ্গে খেলার অনুপ্রেরণা থেকে নেওয়া। সেই বিজ্ঞাপনে আরও ছিলেন ‘টেড লাসো’ খ্যাত জেসন সুদেইকিস ও মায়ামি ডলফিনস কিংবদন্তি ড্যান মারিনো।

এ বছর অবশ্য তিনি মাঠে ছিলেন শুধুই একজন দর্শক হিসেবে, তবে তার উপস্থিতিতেই যে সুপার বোল আরও বিশেষ হয়ে উঠেছে, তা বলার অপেক্ষা রাখে না। মেসির জনপ্রিয়তা যে শুধুমাত্র ফুটবলে সীমাবদ্ধ নয়, তা আরও একবার প্রমাণ হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টে তার উপস্থিতিতে!