লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেডেও সরছে না আন্দোলনকারীরা 

লাঠিপেটা করেও সরানো যাচ্ছে না শাহবাগ অবরোধ করে রাখা প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষক এবং এনটিআরসিএ-এর নিবন্ধনপ্রাপ্ত নিয়োগ প্রত্যাশীদের। প্রায় দুই ঘণ্টা ধরে শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশের ব্যাপক লাঠিচার্জ উপেক্ষা করেই সড়কে বারবার অবস্থান নিচ্ছেন আন্দোলনকারীরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে লাঠিপেটা ও ধাওয়া-পালটা ধাওয়ার সূত্রপাত হয়। সরেজমিনে দেখা গেছে, পুলিশ জলকামান থেকে কিছু সময় পর পর আন্দোলনকারীদের লক্ষ্য করে পানি ছুড়ছে। ফোটানো হয়েছে বেশকিছু সাউন্ড গ্রেনেড। এ সময় ব্যাপক লাঠিচার্জও করা হয়। আটক করতে দেখা যায় বেশ কয়েকজনকে। এদিকে আন্দোলনকারীদের মধ্যে নারীদের রেখে রাস্তা ছেড়ে দিয়েছে পুরুষরা। আটক এড়াতে তারা আশপাশে অবস্থান নিয়ে নারীদের উৎসাহ দিচ্ছেন।

আন্দোলন বন্ধে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন। জল কামানের পানিতে কয়েকজন নারী আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। শাহবাগ থেকে সাইন্সল্যাব সড়ক ও ঢাবি থেকে শাহবাগের দিকের সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। বাকি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিষয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে, বিকেল তিনটার দিকে টিয়ারসেল নিক্ষেপ করে রাস্তা কিছুটা খালি করতে দেখা গেছে।