পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে: ওয়াহিদউদ্দিন মাহমুদ

পোশাকশিল্প ধ্বংস হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা, মজুরি বৃদ্ধির বিষয়ে মালিক-শ্রমিককে আলোচনায় বসার আহ্বান।

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩১ পিএম

অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে। এ শিল্প ধ্বংসের মুখে পড়লে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবেন শ্রমিকরা। তাই শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি রাতারাতি পরিবর্তন না করে মালিক ও শ্রমিক-উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্নীতি, অনিয়ম, ব্যবসায়িক ব্যয় নিয়ন্ত্রণ এবং সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। দেশে টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে সম্ভাবনাগুলো কাজে লাগানো সম্ভব হবে না। এ জন্য দক্ষ ও চৌকস প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন।

তিনি আরও বলেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর দেশে অস্থিরতা ও ষড়যন্ত্র তত্ত্বের চর্চা অব্যাহত থাকে। তবে স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে এসব ষড়যন্ত্র তত্ত্ব বেশি গ্রহণযোগ্যতা পায় না। পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হবে।

দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার পরিবর্তনের কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। একতরফা বাণিজ্য সুবিধার ওপর নির্ভরশীলতার অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উপযোগী পরিবেশ তৈরির বিষয়েও অতীতে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের উৎপাদনশীলতা আরও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, মাইদুর রহমান রুবেল, মো. আতিকুর রহমান ও তারিকুল ইসলাম মাসুম।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত