কবে শুরু রমজান মাস জানাল সৌদি আরব

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রমজান মাসের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে।  চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ ফেব্রুয়ারি অথবা ১ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস।

জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া এমনটাই জানিয়েছেন। তিনি জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে। ওই দিন চাঁদ দেখা গেলে দেশটিতে ১ মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান।

তিনি আরও জানান, এ বছরের রমজান মাসটি ২৯ দিনের হতে পারে। সে হিসেবে রমজানের শেষদিন হবে আগামী ২৯ মার্চ। আর ঈদুল ফিতর পালিত হতে পারে ৩০ মার্চ। তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান টাইমআউটদুবাই ডটকমকে বলেছেন, ধারণা করছি, ২৮ ফেব্রুয়ারি শুক্রবার নতুন চাঁদের জন্ম হবে এবং সে অনুযায়ী ১ মার্চ শনিবার রমজান মাসের প্রথম দিন হবে।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, মিসর, ইরাক, ওমান, ইয়েমেন, সুদান, তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে একই হিসাবে রমজান মাস শুরু হবে।