চবিতে সহকারী প্রক্টরকে ছাত্রীর থাপ্পড়, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনা ম্যুরাল ভাঙচুরের ঘটনায় একজন সহকারী প্রক্টরের গায়ে হাত তোলেন হলটির নারী শিক্ষার্থী আফসানা এনায়েত এমি। তিনি আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

এতে দেখা যায়, গত ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা হলের ছাত্রীরা উপাচার্য বাংলোর সামনে অবস্থান করার সময়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলীর গায়ে হাত তুলেন আফসানা এনায়েত এমি। 

এর আগে, রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের ‘নৌকা প্রতীক’ ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে যায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা নৌকা ও হাসিনার ম্যুরাল ভাঙতে যায় বলে জানা গেছে।

এসময় হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা। হলের নারী শিক্ষার্থী ও বিক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীদের মাঝে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে শেখ হাসিনা হলের ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোতে যায়। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপাচার্যের বাংলোর সামনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

এর একপর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কুরবান আলীর মুখে থাপ্পড় মারেন শেখ হাসিনা হলের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে।

এ বিষয়ে ভুক্তভোগী সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কুরবান আলী বলেন, ভিডিও ফুটেজে সবকিছু স্পষ্ট দেখা যায়। এর বাইরে আমার কোনো কিছু বলা নেই।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে আফসানা এনায়েত এমিকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। পরে শেখ হাসিনা হলে গিয়েও সরাসরি তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে তার কোনো বক্তব্য পাওয়া যায় নি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে সেই প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। 

এদিকে সহকারী প্রক্টর লাঞ্ছিতের ঘটনায় চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল পালন করেছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বহিষ্কারের দাবি জানিয়েছে চবি ছাত্রদল। সিনিয়র শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চবি শাখা ছাত্রশিবির। ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি জানায় ছাত্রশিবির।