চ্যাম্পিয়ন হতেই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছি: অধিনায়ক

আট বছর আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এটাই আইসিসির যে কোনো ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। ২০১৭ সালের ওই আসরে বাংলাদেশের দারুণ পারফর্মেন্সের পাশাপাশি অবশ্য আবহাওয়ার সহায়তাও ছিল। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে আরও বড় লক্ষ্য নির্ধারণ করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ বুধবার মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হয় শান্তকে। জবাবে তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’

অধিনায়ককে প্রশ্ন করা হয়, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যমাত্রাটা দলের জন্য বাড়তি চাপ বয়ে আনবে কিনা? এর জবাবে শান্ত বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। আমাদের দলের ঐ সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনে প্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার।’

শান্ত আরও বলেন, ‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সাথে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব।’