আইপিএলের এবারের আসরের আগে বড় ধাক্কা খেল মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির তারকা আফগান স্পিনার আল্লাহ গজনফর অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বুধবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, মেরুদণ্ডের ফ্র্যাকচারের কারণে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না গজনফর। ফলে আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলেও তাকে পাচ্ছে না মুম্বাই।
১৮ বছর বয়সী রহস্য স্পিনার গজনফর গত বছর জিম্বাবুয়ে সফরে চোট পান। তার এলফোর ভার্টিব্রার বাম পাশের পার্স ইন্টারআর্টিকুলারিস ফ্র্যাকচার ধরা পড়েছে। বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, 'গজনফর অন্তত চার মাসের জন্য মাঠের বাইরে থাকবেন এবং এই সময়ে চিকিৎসার মধ্য দিয়ে যাবেন।'
এই চোটের কারণে আফগানিস্তান দলে গজনফরের জায়গায় যোগ দিয়েছেন নঙ্গিয়াল খারোতি। এছাড়া, মুজিব উর রহমানও এখনো পুরোপুরি ফিট নন বলে জানানো হয়েছে বিবৃতিতে।
মুম্বাই ইন্ডিয়ান্স এবারের আইপিএল মেগা নিলামে গজনফরকে ৪.৮০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল। তরুণ এই স্পিনারকে দলের মূল একাদশের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভাবা হচ্ছিল, বিশেষ করে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের স্পিন বিভাগকে শক্তিশালী করতে।
গজনফর এখনও আইপিএল অভিষেক করেননি। তবে ইতোমধ্যে ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩০ উইকেট নিয়েছেন। গত মাসে আইএলটি২০-তে এমআই এমিরেটসের হয়ে খেলেছেন তিনি।
গজনফরের অনুপস্থিতিতে মুম্বাই ইন্ডিয়ান্সের স্পিন বিভাগের দায়িত্ব এখন মূলত নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ভারতের করণ শর্মার কাঁধে থাকবে।
মিচেল স্যান্টনার: ১০৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২০ উইকেট শিকার করা এই স্পিনারকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে মুম্বাই।
করণ শর্মা: ২০১৭ সালে মুম্বাইয়ের হয়ে আইপিএল জেতা অভিজ্ঞ এই স্পিনার ৮৪টি আইপিএল ম্যাচে ৭৬ উইকেট নিয়েছেন।
মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য গজনফরের চোট নিঃসন্দেহে বড় ধাক্কা। তরুণ এই স্পিনারকে নিয়ে দলটি বড় পরিকল্পনা করেছিল। তবে এখন স্যান্টনার ও করণ শর্মাকে নিয়েই আইপিএল ২০২৫ মিশনে নামতে হবে মুম্বাইকে।