শাহরুখ খানকে হারিয়ে দ্য হান্ড্রেডের দল কিনলেন চেলসি মালিক

ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি লিগে দল কেনার দৌড়ে পিছিয়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। চেলসি ফুটবল ক্লাবের অন্যতম মালিক টড বোহলির নেতৃত্বাধীন প্রতিষ্ঠান কেইন ইন্টারন্যাশনাল ট্রেন্ট রকেটসের ৪৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩৯ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় ৪২০ কোটি টাকা) বিনিময়ে ট্রেন্ট রকেটসের মালিকানা নিয়েছে বোহলির প্রতিষ্ঠান। ফ্র্যাঞ্চাইজিটির মোট মূল্যায়ন ধরা হয়েছে ৭৯ মিলিয়ন পাউন্ড।

এর আগে, আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও ভারতীয় বিনিয়োগকারী অমিত জৈন ট্রেন্ট রকেটসের মালিকানা কেনার দৌড়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত কেইন ইন্টারন্যাশনালই মালিকানা পায়।

ইতোমধ্যেই দ্য হান্ড্রেডের দুটি দলের মালিকানা কিনেছে আইপিএলের দলগুলো। মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওভাল ইনভিন্সিবলসের ৪৯ শতাংশ কিনেছে ৬০ মিলিয়ন পাউন্ডে।

লখনউ সুপার জায়ান্টসের মালিক আরপিএসজি গ্রুপ ম্যানচেস্টার অরিজিনালসের সমান অংশীদার হয়েছে, যার মূল্য ১১৬ মিলিয়ন পাউন্ড। দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক জিএমআর গ্রুপও সাউদার্ন ব্রেভের মালিকানা কেনার দৌড়ে রয়েছে।

কিন্তু কেকেআর এই তালিকায় যুক্ত হতে পারল না। যদি তারা ট্রেন্ট রকেটসের মালিকানা পেত, তবে এটি কেকেআর, ত্রিনবাগো নাইট রাইডার্স, এলএ নাইট রাইডার্স ও আবু ধাবি নাইট রাইডার্সের পর নতুন সংযোজন হতো।

টড বোহলি ২০২২ সালে ব্লু-কো কনসোর্টিয়ামের নেতৃত্বে চেলসির মালিকানা নেন। এরপর তিনি ফরাসি লিগ ওয়ানের ক্লাব আরসি স্ট্রাসবার্গকেও কিনেছেন।

এছাড়া, বোহলি মেজর লিগ বেসবলের (এমএলবি) দল লস অ্যাঞ্জেলেস ডজার্সেরও মালিক। এবার দ্য হান্ড্রেডের দল ট্রেন্ট রকেটস কিনে তিনি ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও প্রবেশ করলেন।

নটিংহামে অবস্থিত ট্রেন্ট রকেটস নটিংহ্যামশায়ার, ডার্বিশায়ার ও লেস্টারশায়ার কাউন্টির প্রতিনিধিত্ব করে। ২০২২ সালে পুরুষদের দল দ্য হান্ড্রেডের শিরোপা জেতে। ২০২১ সালে পুরুষ দল তৃতীয় স্থান পায়। নারী দলের সর্বোচ্চ অর্জন ২০২২ সালের তৃতীয় স্থান।

২০২৪ মৌসুমে ট্রেন্ট রকেটস দলে ছিলেন জো রুট, অ্যালেক্স হেলস ও রোভম্যান পাওয়েল। নারী দলে খেলেছেন অ্যাশলে গার্ডনার ও নাট সিভার-ব্রান্ট।

আইপিএল মালিকানার দলগুলো একের পর এক দ্য হান্ড্রেডে প্রবেশ করলেও কেকেআর সে সুযোগ হাতছাড়া করেছে। বোহলির নতুন বিনিয়োগ ইংলিশ ক্রিকেটে তার আধিপত্য বিস্তারের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে কেকেআর এই প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে কি না।