ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক এম আই খসরু রিয়েল এস্টেট শিল্পে পরিচিত এক নাম। একসময়ের স্যানমার প্রপার্টিজে নেতৃত্ব দিয়েছেন, এখন দিচ্ছেন ফিনলে প্রপার্টিজে। তিনি চট্টগ্রামে তিনটি আধুনিক শপিং মল নির্মাণ করেছেন, যা সফলভাবে এখনো চলমান। চট্টগ্রামে শপিং মল বিষয়ে দেশ রূপান্তরের সঙ্গে কথা হয় এই ব্যবসায়ী লিজেন্ডের
দেশ রূপান্তর : চট্টগ্রামের প্রথম শপিং মল ক্রেজ স্যানমার ওশেন সিটি আপনার হাত দিয়ে হয়েছে। পরে ফিনলে স্কয়ার এবং সর্বশেষ উদ্বোধন করলেন ফিনলে সাউথ সিটি। মার্কেট নিয়ে আপনার এত আগ্রহ কেন?
এম আই খসরু : চট্টগ্রামে শপিং মলের চাহিদা রয়েছে। এ শহরে বাণিজ্যিক স্পেসের পরিবর্তে শপিং মলের চাহিদা যে রয়েছে, তা সহজেই অনুমেয়। আমি স্যানমার ওশেন সিটি করার পর প্রচুর জনপ্রিয়তা লাভ করি এবং এখনো তা ব্যবসাসফল একটি মার্কেট। পরে ফিনলে স্কয়ারও একই হারে জনপ্রিয়। সম্প্রতি বহদ্দারহাটে উদ্বোধন হলো ফিনলে সাউথ সিটি শপিং মলের। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপচেপড়া ভিড় জানান দিচ্ছে এই নগরীতে মানসম্মত শপিং মলের চাহিদা আরও রয়েছে।
দেশ রূপান্তর : কিন্তু সব শপিং মল তো একই এলাকায়। এগুলোকে কি বিকেন্দ্রীকরণ করা যায় না?
এম আই খসরু : চট্টগ্রামে একটি নির্ধারিত এলাকায় যেমন ফ্ল্যাট বিক্রি বেশি হয়ে থাকে, তেমনি ডেভেলপাররাও এ এলাকাগুলো বাছাই করে প্রকল্প নিয়ে থাকেন। ঠিক তেমনিভাবে শপিং মলের ক্ষেত্রেও একই ধারা প্রযোজ্য। নগরীর ষোলশহর, জিইসি, বহদ্দারহাটসহ আশপাশের এলাকাগুলোতেই শপিং মল চলবে। অন্যান্য এলাকায় ব্যবসা সফল হবে না, তাই বিকেন্দ্রীকরণের কোনো সুযোগ নেই।