বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে একটি জ্বালানী তেলের ড্রাম ভর্তি ট্রলারে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিখোঁজ এবং অগ্নিদগ্ধসহ চারজন আহত হয়েছেন। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ত্রিশগোডাউন সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হেলালউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধ চারজনের অবস্থা আশংকাজনক। তাদের শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রলারের ইঞ্জিনরুম থেকে বিস্ফোরণটি শুরু হয়। এরপর জ্বালানী তেলে আগুন ধরে গেলে ট্রলারটি বড় ধরনের অগ্নিকাণ্ডের শিকার হয়।
আহতদের মধ্যে রুবেল, সম্পদ ও মান্নান নামে তিনজনের পরিচয় মিলেছে, তবে নিখোঁজদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জ্বালানী তেল ভর্তি একাধিক ড্রাম নিয়ে ট্রলারটি হাতিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ড্রামের ওপরে পোলট্রি মুরগির খাবারের বস্তা রাখা ছিল। চলার সময় হঠাৎ বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এক ব্যক্তি শরীরে আগুন নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়েন, আরও কয়েকজনও বাঁচার জন্য নদীতে নেমে যান।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে এলাকায় জ্বালানী তেলের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ ঘটনায় ট্রলারের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে, তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।