বরিশালে গত এক দশকে অর্থনৈতিক ইউনিট বেড়েছে প্রায় ৬২ দশমিক ২৭ শতাংশ। অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন এবং বাংলাদেশ স্ট্যাটিসটিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) নিয়ে আয়োজিত কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান। জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সরকারি দপ্তরের প্রধান ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রবন্ধে বলা হয়, শুমারি অনুযায়ী বরিশাল জেলায় অর্থনৈতিক ইউনিট ১ লাখ ৭২ হাজার ৬৭৬টি। এর মধ্যে স্থায়ী ১ লাখ ৫ হাজার ৬১১টি, অস্থায়ী ৬ হাজার ১৯৭টি এবং অর্থনৈতিক খানা ৬০ হাজার ৮৬৮টি। জেলায় কর্মরত জনবল ৩ লাখ ৭১ হাজার ৫৯২ জন, যাঁদের মধ্যে পুরুষ ৩ লাখ ২৬ হাজার ৬৫২ ও নারী ৪৪ হাজার ৯১৮ জন। শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে মাইক্রো ১ লাখ ৯ হাজার ৭১৮টি, কুটিরশিল্প ৫৬ হাজার ২৩৫টি, ক্ষুদ্র ৬ হাজার ৪৬টি, মাঝারি ৫৭১টি ও বৃহৎ ২৪৯টি।
জাতীয় পর্যায়ে দেশে মোট অর্থনৈতিক ইউনিট এখন ১ কোটি ১৭ লাখ ২ হাজার ৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮ লাখ ১৮ হাজার ৫৬৫টি। নিয়োজিত জনবল ৩ কোটি ৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন, এর ৮৩ দশমিক ২৮ শতাংশ পুরুষ ও ১৬ দশমিক ৭১ শতাংশ নারী। মোট ইউনিটের ৯০ দশমিক ০২ শতাংশ সেবা খাতের, শিল্প খাতের অংশ ৯ দশমিক ৯৮ শতাংশ। এর মধ্যে পাইকারি ও খুচরা ব্যবসা এবং মোটরযান মেরামত খাতের অংশ সর্বোচ্চ, ৪১ দশমিক ৮২ শতাংশ।
বক্তারা জানান, সিএপিআই ও জিআইএস ম্যাপিং ব্যবহার করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ শুমারি পরিচালনা করে। শিল্প ও ব্যবসা-প্রতিষ্ঠানের নির্ভুল তালিকা তৈরি এবং তা নিয়মিত হালনাগাদে বিএসবিআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা উল্লেখ করেন।